ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান জানান, ২৪ ঘণ্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি জানানো হয়। এতে বলা হয়, প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগ জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘জোর করে সমন্বয়কদের কেন তুলে নেওয়া হয়েছে? এই ডিবির বিরুদ্ধে ব্যবস্থা নিন। ডিবি যদি হেফাজতেও নিয়ে থাকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের (সমন্বয়কদের) আদালতে হাজির করার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তথাকথিত নিরাপত্তার নামে শিক্ষা আন্দোলনের সমন্বয়কদের যে আটক রাখা হয়েছে, তাদের বলপ্রয়োগ করে স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে সেই প্রেক্ষিতে আমরা মানববন্ধন ও অন্যান্য কার্যক্রম চালাব।’