গুম হওয়া ৩ ইউপি চেয়ারম্যানের খোঁজ মেলেনি ১৪ বছরেও

চট্টগ্রামে গুম হওয়া তিন ইউপি চেয়ারম্যানের খোঁজ মেলেনি ১৪ বছরেও। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাঁরা গুম হয়েছেন বলে দাবি জানিয়েছে স্বজনেরা। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন করে প্রিয়জনের ফেরার অপেক্ষায় আছেন তাঁরা। মেরে ফেলা হলেও অন্তত মরদেহ ফেরত চায় পরিবার।

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এ এস এম শহিদুল আলম সিরাজ। তিনি ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ২০১২ সালের ৬ মার্চ বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর ফেরার পথে নিখোঁজ হন তিনি।

শহিদুল আলম সিরাজের স্ত্রী সুলতানা পারভীন জানান, ১২ বছর ধরে তিনি এবং পুরো পরিবার অপেক্ষায় আছে তাঁর। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ তথ্যও নেই তাঁদের কাছে।

করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নজরুল ইসলাম বাচা। ২০১০ সালের নভেম্বরে গাজীপুর থেকে তাঁকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই থেকে খোঁজ নেই তাঁর। একই বছরের মার্চে চট্টগ্রামের খুলশী থেকে গুম হন রাউজানের বাগোয়ান ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফর। তিনি ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন গুম হওয়াদের খোঁজ পাওয়ার আশা করছে পরিবার।

সৈয়দ আবু জাফরের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘বাবার অবর্তমানে তাঁর সম্মান রক্ষার্থে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। আমরা তাঁর (সৈয়দ আবু জাফর) সন্ধান চাই।’

নজরুল ইসলামের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমাদের ভাই যদি সুস্থ থাকে তাঁকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আর যদি জীবিত না থাকেন তাহলে মরদেহ কোথায় আছে বা কীভাবে আছে সেটা জানানোর আহ্বান জানাচ্ছি।’