বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব বৌদ্ধ এ দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায়, ভাবগাম্ভীর্যে এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে। আজ সকাল থেকে বিহারগুলোতে হচ্ছে পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপ পূজা।
বৌদ্ধদের মতে, প্রবারণা আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এদিন গৌতম বুদ্ধ নিজ ধর্ম প্রচারের জন্য তাঁর ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তিও হয় এদিন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা, বুদ্ধকীর্তন, ফানুস ওড়ানোর আয়োজন রয়েছে। পাহাড় ও সমতলে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
আজ রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ২৬ মিনিটে শেষ হবে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।