বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা পাড়ায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার রাতে ফেইসবুক পেইজে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বান্দরবান পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বড়দিনের আগের রাতে ত্রিপুরা পাড়ার ১৭টি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম পরিদর্শনে যাবেন। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরইয়ের ইউনিয়নের তংগঝিরি পাড়ার এসপি বাগানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৯টি পরিবারের বসবাস করত। ১৯টি পরিবারের এই পাড়াটির নাম দেওয়া হয়েছিল তংগঝিরি নতুন পাড়া। বড়দিনের ধর্মীয় উৎসব উপলক্ষে পাড়ার সকলেই পার্শ্ববর্তী তংগঝিরি পাড়া গীর্জায় যায়। পাড়ায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পাড়ার বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে পাড়ার ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।