হজ ও ওমরাহ করতে লাগবে মেনিনজাইটিস টিকা, ওয়ার্ক ভিসায় নয়

সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে হজ ও ওমরাহ যাত্রীদের টিকাদান নির্দেশিকা হালনাগাদ করেছে দেশটি। এই পদক্ষেপের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে।

সম্প্রতি জারি করা এই নির্দেশিকায় বলা হয়, এই নিয়মটি হজ, ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে ভ্রমণকারী সকলের জন্য প্রযোজ্য হবে। এটি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দরকার হবে না। এই নির্দেশিকা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গতকাল সোমবার এ বিষয়ে সকল বিমান সংস্থা ও বিমানবন্দর স্টেকহোল্ডারদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নতুন শর্তের বিষয়টি তুলে ধরা হয়েছে। 

এতে বলা হয়, ওমরাহ ও হজযাত্রীদের ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে এবং ভ্রমণের সময় তাদের সাথে টিকাদান সনদ বহন করতে হবে।

তবে, এই নির্দেশিকা এক বছরের কমবয়সী শিশুদের বাধ্যতামূলক টিকাদান থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া, গত তিন বছরের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তাদের সৌদি আরবে প্রবেশের জন্য পুনরায় টিকা গ্রহণের প্রয়োজন নেই।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সকল বিমান সংস্থাকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে।