সুষ্ঠু নির্বাচন ও সুশাসন নিশ্চিতে সম্মেলনে ডিসিদের সহায়তা কামনা 

আগামী নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন নিশ্চিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর স্বাস্থ্যখাতে চিকিৎসকসহ পাঁচ হাজার শূন্য পদে নিয়োগের প্রচেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়া, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে দেওয়া হয়েছে নির্দেশনা।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব বলেন দুই উপদেষ্টা। এরআগে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয় তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর প্রথম দিন শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হয়। 

নির্বাচন সুষ্ঠ করার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও বর্তমান সরকারের লক্ষ্য পূরণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। আসছে বাজেটে উন্নয়নের চেয়ে শিক্ষা-স্বাস্থ্য খাতে মান বাড়াতে বরাদ্দ বেশি থাকবে বলেও জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারের প্রধান দায়িত্ব সবার দাবি–দাওয়া মেটানো না, বরং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি যেন উত্তরণ হয়। একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। 

দ্বিতীয় কার্য-অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতে শূন্য পদ পূরণে ৫ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। ডিসিদের জেলা হাসপাতালগুলোর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন তিনি। 

স্বাস্থ্যখাতে দেশের প্রচলিত আইন প্রয়োগে জোর দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।