যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার রাত ৮টা থেকে বৈঠকের কথা জানানো হয়েছে। আলোচ্যসূচি জানা যায়নি, তবে সমসাময়িক চলমান ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৩ দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। আজও ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে। 

উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই দাবি তুলে ধরেন। 

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।