মানহীন মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক সারাজীবন রোগীর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, তাই এসব মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা.সায়েদুর রহমান।
এছাড়া, চিকিৎসকদের অনৈতিক সুবিধা দেওয়া ওষুধ প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোডের আবু সাঈদ ইন্টান্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে স্বাস্থ্যখাতের অর্জন ও ভবিষ্যত সংস্কার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আর স্বাস্থ্য ব্যবস্থায় ১০ টি সংকটের কথা তুলে ধরে বিশেষ সহকারী অধ্যাপক ডা.সায়েদুর রহমান বলেন, এখনও হাসপাতালগুলোতে জরুরি অনেক মেশিন ও যন্ত্রপাতি নষ্ট। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানতে অনেক সময় দেরি হয় যা সমাধানে ডিজিটাল ডিভাইসের কাজ চলমান, কোন মেশিন নষ্ট হলে স্বয়ংক্রিয় উপায়ে জানান দিবে মন্ত্রণালয়ের সার্ভারে।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘যেখানে মেধা শক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জন শক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে, এটাই প্রধান রোগ। দ্বিতীয়ত, অধিক অতিরিক্ত কেন্দ্রভুত স্বাস্থ্য ব্যবস্থা। যেখানে ঢাকার বাইরে সুযোগ, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই বললেই চলে। বিশেষায়ন নির্ভর চিকিৎসা, প্রাথমিক সেবার উপেক্ষা।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গত এক বছরের নানা কর্মকাণ্ডের বিষয়ে জানান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
নূরজাহান বেগম বলেন, ‘আমরা চেষ্টা করছি, আমাদের নতুন করে কিছু ডাক্তারকে বিভিন্ন জায়গায় দীর্ঘ মেয়াদে তিন বছরের প্রশিক্ষণ, স্বল্প মেয়াদে প্রশিক্ষণ, বাইরের ডাক্তারদের এনে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার। এগুলো করে আমাদের সক্ষমতার প্রতিস্থাপন করব। আমরা যদি এই কাজে সক্ষম হয় তাহলে আমাদের আর বাইরে যেতে হবে না।’