জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার লাউরেরঘড় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকলবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।’
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এরই মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। সেই সাথে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, সেই কাজও শুরু হয়েছে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে, সেই প্রস্তুতি সরকারের আছে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাবো।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকসহ প্রমুখ।