বুয়েট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ঠিক নয়, সমস্যার সমাধান সম্ভব: মোখলেস উর রহমান

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন বিচক্ষণতার কাজ নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মোখলেস উর রহমান বলেন, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটা ঠিক নয়। এটা বিচক্ষণতার কাজ নয়। তাদের দাবির বিষয় এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এ বিষয় সহজেই সমাধান সম্ভব। 

তিনি বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

এদিকে তিন দফা দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা।

আন্দোলনকারীরা বলেছেন, প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া রাজপথ ছাড়বেন না তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আগেরদিন মঙ্গলবারও শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়।

এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানান, সোমবার নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো– ১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে। ৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।