অর্থ পাচারের অভিযোগে ১৩ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১৩টি ওভারসিজ রিক্রুটিং কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, এসব রিক্রুটিং এজেন্সি সরকার নির্ধারিত রেট উপেক্ষা করে প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এইভাবে হাজার হাজার শ্রমিকের কাছ থেকে আদায় করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ কোটি টাকা।

দুদক জানায়, দেশটিতে জনশক্তি রপ্তানিতে একজন কর্মীর জন্য সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার টাকা। অথচ আদায় করা হয়েছে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। অতিরিক্ত অর্থের কোনো রসিদ বা হিসাব দেয়নি এজেন্সিগুলো। অর্থ বিদেশে পাচার করে বৈধ প্রক্রিয়ার বাইরে সঞ্চয় করেছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অপরাধ শুধুমাত্র দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আন্তর্জাতিক শ্রম আইন, মানবাধিকার এবং অভিবাসন নীতিমালারও চরম লঙ্ঘন হয়েছে। ১৩টি ওভারসিজ রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে আরও নাম যোগ হতে পারে বলেও জানিয়েছে দুদক।