আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে না। তবে বুধবার এ রায়ের কপি পাঠানো হতে পারে বলে জানা গেছে। রায়ের সত্যায়িত কপিতে চেয়ারম্যানসহ তিন বিচারকের স্বাক্ষর প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারেও রায়ের কপি পাঠানো হবে।
এর আগে সোমবার জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।