দু’দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার দেশে ফিরে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে তাঁকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এছাড়া দেশ ছাড়ার আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে একটি ‘স্ট্যাটিক গার্ড অফ অনার’ প্রদান করা হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক দুটির একটি স্বাস্থ্যসেবা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সম্পর্কিত।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন। পাশপাশি একাধিক অনুষ্ঠানেও তাঁরা অংশ নিয়েছেন।
এছাড়া ঢাকায় দু’দিন অবস্থানকালে সরকারের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠকও করেছেন শেরিং তোবগে।