বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ এক স্মারকলিপির মাধ্যমে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিমানবন্দর ও এর সংলগ্ন এলাকায় অনুমোদনহীনভাবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদনহীনভাবে ড্রোন ওড়ানো হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
স্মারকে বলা হচ্ছে, নির্দেশটি গতকাল অর্থাৎ ১৮ ডিসেম্বর ২০২৫ থেকেই কার্যকর হয়ে গেছে।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদের স্বাক্ষরিত স্মারকটিতে লেখা হয়েছে, বিমানবন্দর ও সংলগ্ন এলাকা জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এই সংবেদনশীল এলাকায় কিছু গণমাধ্যম অনুমোদনহীনভাবে ড্রোন উড্ডয়নের চেষ্টা করছে যা বিমান চলাচল ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এই প্রেক্ষিতে বেবিচক আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদনহীন ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং এ ক্ষেত্রে যথাযথ আইন অনুযায়ী শাস্তির কথা জানিয়েছে।
অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি জানিয়ে স্মারকে লেখা হয়েছে, এমন কর্মকাণ্ড ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ পরিপন্থী। বিশেষ প্রয়োজনে ড্রোন ওড়াতে হলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র নিয়ে বেবিচকের কাছে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন যাচাই-বাছাই করে বেবিচক কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।