সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার এ কথা জানান তিনি।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বার বার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকারতো এগুলো প্রতিরোধ করতে চায়। সরকারের মদদে হচ্ছে সেটা ঠিক না। সরকার এগুলো প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।
তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। সরকার কোনো ধরনের মব জাস্টিস অ্যালাও করবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ছায়ানটে হামলা প্রসঙ্গে শিবিরের এক নেতার বক্তব্য নিয়ে তিনি বলেন, কে কি বললো তা আমরা মাথা নিচ্ছি না।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা ঘটছে না তা নয়। আমরা মনে করি সুষ্ঠ ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।