আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা বিমানবন্দরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আগামীকাল বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে।
এরপর বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা মায়ের পাশে অবস্থানের পর সন্ধ্যা নাগাদ তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে যাবেন। দেড় বিঘা জমির ওপর নির্মিত এই ডুপ্লেক্স বাড়িটিই হবে তারেক রহমানের স্থায়ী বাসভবন। এই বাড়ির পাশেই 'ফিরোজা' ভবনে থাকেন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী 'চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স' (সিএসএফ) নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করবে।
এদিকে, তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে যে পথে যাতায়াত করবেন সেসব পথ এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালসহ আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।