তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিট এলাকা জনসমুদ্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের অপেক্ষায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা এখন জনসমুদ্র। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন বিএনপির নেতা–কর্মীরা।

ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন অসংখ্য মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই সারারাত খোলা আকাশের নিচে অবস্থান তাদের। বিএনপি বলছে, দেশের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন। বেলা ১২টার দিকে শুরু হবে অনুষ্ঠান।

প্রস্তুত মঞ্চ, সাজানো হয়েছে জাতীয় পতাকার রঙে। বসানো হয়েছে বিশাল এলইডি স্ক্রিন আর মাইক। দুদিন আগে থেকেই ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে সারা দেশে থেকে আসতে থাকেন নেতা–কর্মীরা। পরে বুধবার থেকে জনতার ঢল রূপ নেয় জনসমুদ্রে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা ছুটে এসেছেন প্রিয় নেতাকে বরণ করতে। দীর্ঘদিনের নির্বাসন শেষে দেশে ফিরে ভোট ও দেশ পরিচালনার নীতি ঘোষণা করবেন তারেক রহমান–এই প্রত্যাশায় বিএনপির নেতা–কর্মীরা। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে তার নেতৃত্বে কাজের প্রত্যয় তাদের।

বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সরাসরি ৩০০ ফিট এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।