দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে।
তারেক রহমান নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সকাল ৯টা ৩৪ মিনিটে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটির। এটি সিলেট হয়ে ঢাকায় আসবে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি। তারেক রহমানের সাথে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারা আসছেন বিজি ২০২ ফ্লাইটে।
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তারেক রহমান সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা) যাবেন।