দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় পৌঁছে দেশের মাটি ছুঁয়ে দেখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামার কিছুক্ষণ পর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রওনা হওয়ার আগে বিমানবন্দরের মাটি স্পর্শ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তারেক রহমান খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি।
পরে তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাঁকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি। এসময় বাসটি ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।
বাসটির সামনের অংশে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের প্রতি হাত নাড়তে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান তাঁর শাশুড়ি, স্বজন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
পূর্বাচলে ৩০০ ফিটের সংর্বধনা অনুষ্ঠানে যোগ দিয়ে পরে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরে ফিরবেন গুলশানের বাসায়।
২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।