মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারে নিরাপত্তা জোরদার 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতা–কর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

৩০০ ফিট এলাকা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের যাবেন।