বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানিয়েছেন, 'বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থেই কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে, যা তারেক রহমানের আগমনে পূরণ হবে।'
ফেসবুক পোস্টে প্রেস সচিব আরও লিখেছেন, 'একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন।'
এদিকে, তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমীর শফিকুর রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আজ সকালে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে তিনি আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে সন্ধ্যার কিছু পরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে।