বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার কিছুক্ষণ পর তাঁর গাড়িবহর গুলশানের বাসা থেকে রওনা হয়। তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতারা রয়েছেন। সামনে পেছনে আছে নিরাপত্তা বাহিনীর গাড়ি। 

কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সেখান থেকে রওনা হবে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানে বাসায়।