তিনদিনের রাষ্ট্রীয় শোকে কী কী করা যাবে না, জানাল ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন। 

তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সময় কী কী করা যাবে না তা জানিয়ে মঙ্গলবার রাতে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার প্রয়াণে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) থেকে শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। 

শোক পালনকালীন সময়ে করা বারণ এমন কিছু বিষয় উল্লেখ করে আজ গণবিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনার কথা উল্লেখ আছে। এগুলো হচ্ছে:

১। বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সকল ধরণের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।

২। এ সময় উন্মুক্ত স্থানে কোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা করা যাবে না।

৩। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ধারা-২৮ ও ২৯ এর অর্পিত ক্ষমতাবলে উপরোক্ত নির্দেশনাগুলো জারি করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।