মায়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে মায়ের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেল ৩টায় জানাজা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আরজি জানান।

তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন, ‘এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা, যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া বেঁচে থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’

তারেক রহমান আরও বলেন, ‘একইসাথে, উনি জীবিত থাকাকালীন অবস্থায় উনার কোনো ব্যবহারে, উনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি মরহুমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন। আল্লাহ তা’আলা যাতে উনাকে বেহেশত দান করেন।’

বক্তব্য শেষ হওয়ার পরপরই শুরু হয় সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা। জানাজা উপলক্ষে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নেন।