গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা: আলী রিয়াজ

গণভোটের পক্ষে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করতে পারবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। সোমবার দুপুরে ময়মনসিংহের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন এবং এতে দেশের বিদ্যমান আইনে কোনো ধরনের বাধা নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।’

আলী রিয়াজ বলেন, ‘কে ক্ষমতায় এল বা কে গেল তা বড় বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের সুযোগ তৈরি করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রতিশ্রুতিও দিয়েছে।’

তিনি দাবি করেন, গণভোটকে ঘিরে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। কারণ জনগণ এখন সচেতন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।

তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় গণভোটের গুরুত্ব, প্রশাসনের ভূমিকা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।