অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধিদল। আজ শনিবার বেলা তিনটায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রতিনিধিদল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
এই সাক্ষাতের পর সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যমুনা থেকে বিদায় নেন।
২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।