খালেদা জিয়াসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদান রাখায় মরণোত্তর এই সম্মাননা দেওয়া হচ্ছে।

তিনি ছাড়াও এ বছর মুক্তিযুদ্ধে অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

অন্যদিকে সাহিত্যে অবদানের জন্য এ বছর পদকের জন্য মনোনীত হয়েছেন ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু) এবং পল্লী উন্নয়নে পিকেএসএফ।

সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর) এবং জনপ্রশাসনে পদক পেয়েছেন কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।

এদিকে গবেষণা ও প্রশিক্ষণে পদক পেয়েছেন মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পাচ্ছেন মুকিত মজুমদার বাবু।