যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের কাছে তিনি আবিদা ইসলামের প্রত্যাহারের খবরটি ‘সুখবর’ হিসেবে তুলে ধরেন তিনি।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে…এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশের কোনো দূতকে প্রত্যাহার করা হলো। অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আবিদা ইসলাম যুক্তরাজ্যের আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।