যুদ্ধের কারণে শ্রমিকরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ‘পরিস্থিতির যদি অবনতি হয়, আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণ বা কল্যাণের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।’

বুধবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নুরুল হক নূর বলেছেন, ‘আমরা জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহায় উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগিতা করি– তারেক রহমানের নেতৃত্বে বেশিদিন প্রয়োজন হবে না; আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা ট্র্যাকে তুলতে পারব। এ সরকার কারও প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সকলের সরকার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ অনেকে।