ফ্রান্স থেকে এয়ারবাস কেনার প্রস্তাব এখনও আলোচনাধীন রয়েছে। দেশটির রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্যারিস আশা করে বাংলাদেশের নতুন সরকার এ নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। এদিকে বোয়িং না এয়ারবাস–এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের স্বার্থ সবার আগে।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।
২০২৩ সালে ঢাকা সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সে সময় ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় ঢাকা। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার বাণিজ্য চুক্তি করে ঢাকা ও ওয়াশিংটন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ নিয়ে কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। তাঁর আশা, ফরাসি কোম্পানির সমান সুযোগ নিশ্চিত করবে বাংলাদেশের নতুন সরকার।
ফ্রান্স রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে বলেন, ‘এয়ারবাস ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ। মান বিবেচনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এয়ারবাস নিয়ে সরকার ও বিমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এ সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের। নতুন সরকার অবশ্যই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাইলাটেল বন্ধুরা আছেন, মাল্টিলিটারেল বন্ধুরা আছেন, তাদের সকলের সাথে আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, ফরেন পলিসি নিয়ে আলাপ হয়। সব দেশের সাথেই আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশ ফাস্ট পলিসি ভিত্তিতে।’
র্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে র্যাবকে মানুষের সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে সেই র্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধীকার লঙ্খন করার জন্য ব্যবহার করা হয়েছে।’
র্যাবের বিলুপ্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাত্র সরকার গঠন হয়েছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার না, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নটা করেন তাহলে প্রশ্নের ন্যায্যতা পাবে।’
হাদি হত্যার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তারের পর কন্সুলার এক্সেস চায় ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে এখনও সাড়া দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তবে তারা সহযোগিতা করবে বলে আশা ঢাকার।