ত্রয়োদশ সংসদের চলমান প্রথম অধিবেশনে এখন থেকে প্রতিদিন দুই সেশনে সংসদের কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে আয়োজিত সরকারি দলের সংসদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি দলের সব সাংসদরা যোগ দেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, চলমান অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং দলের সংসদীয় কৌশল নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো (১৩৩টি) আইন হিসেবে পাস করা, বিশেষ কমিটির কাজ এবং আগামীকালের (বুধবারের) মধ্যে সংশোধনী উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাসের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সময় স্বল্পতার কারণে আজ মঙ্গলবার থেকেই দিনে দুই বেলা সংসদ অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিরোধী দলের আপত্তি থাকা বিলগুলো নিয়ে আলোচনা এবং সেগুলো দ্রুত পাস করার বিষয়ে সরকারি দলের সংহতি বজায় রাখার কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার (৬ এপ্রিল) ৭টি বিল পাস হয়েছে। একইদিনে আরও ৩টি বিল উত্থাপিত হয়। তবে সেগুলোর ওপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাস হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী অধিবেশন শুরুর এক মাসের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংসদকে। সে হিসবে, আগামী ১২ এপ্রিলের মধ্যে ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করার সাংবিধানিক বাধ্যবাধতা রয়েছে। আর এ কারণেই আজ মঙ্গলবার থেকে প্রতিদিন দুই বেলা সংসদ অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।