বেইলি রোডে মহিলা সমিতিতে পরিবার নিয়ে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুতোষ এই নাটকটির নাম ‘কবি চিতাবাঘ’। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী সপরিবারে সেখানে যান এবং নাটক দেখেন।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ ঘটনা মিলনায়তনে প্রবেশের পর শিশু দর্শক ও অভিভাবক জানার পর তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনে দর্শকেরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।’
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘নাটক দেখার বিনোদনের জন্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই যান। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন।’