টিকার মজুত পর্যাপ্ত, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে পর্যাপ্ত টিকার মজুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে নগর ভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দিতে আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে আমাদের দৈত্যের মতো আক্রমণ করে এই হাম। মহাখালী সংক্রামক হাসপাতালে একটি মৃত্যুকে কেন্দ্র করে মধ্যরাতে আমাদের যেতে হয়েছে। আমাদের যাওয়াটা এত ভীত ও সন্ত্রস্তভাবে হয়েছিল যে আল্লাহই হয়তো আমাদের জ্ঞান দান করেছিলেন যে আমাদের লড়াই করতে হবে।’

এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তিতে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত।

এ সময় তিনি বলেন, ‘আজকে যে ক্যাম্পেইনটা শুরু হলো, এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই ভূমিকা যথাযথ পালনের মধ্যেই নির্ভর করবে যে আমাদের এই ক্যাম্পেইন সফল হবে কি না, আমাদের শিশুরা স্বাস্থ্য সুরক্ষা পাবে কি না।’

একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমাদের নিজস্ব সম্পত্তির ওপর জনগণকে আমরা সেবা দিতে চাই। এটা হবে উত্তর সিটি করপোরেশনের অধীনে। এ কারণে আমরা এখানে একটি জেনারেল হাসপাতাল করতে চাই।’

নগরীর ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ডিএনসিসি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাবে।

ঢাকাসহ ৪ সিটি করপোরেশনে রোববার থেকে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। চলবে ১১ মে পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে টিকা।

পাশাপাশি দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হবে ২০ এপ্রিল থেকে। এদিকে শনিবার হাম ও উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ দিনে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৯ শিশু।