সংসদ অধিবেশন চলার সময় বিরোধী দল যেসব ইস্যুতে ওয়াকআউট করেছে, সেগুলো সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় গুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ—জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছে। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন, তা সঠিক ছিল না। সংসদের বাইরে তারা ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন। এর জবাবে এই প্রেস ব্রিফিং।’
সালাহউদ্দিন আহমদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিত বা হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘৯১টি বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যেই বাকি ১৬টি ছিল। বিরোধী দল সেটা না বুঝেই বলেছে, বাকিগুলো কোথায়? তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবহু উত্থাপন করা হয়েছে। এসব নিয়ে তাদের অনেক সময় দিয়ে সংসদে কথা বলতে দেওয়া হয়েছে। এক–দুজন না, অনেককেই কথা বলতে দেওয়া হয়েছে।’
সালাহউদ্দিন বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে, সেখানে রোজ কেয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। সেটা সরকার সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিল তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তড়িঘড়ি করে অধ্যাদেশ করেছেন। এটা নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে।’
এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘৯১টি বিল পাস হয়েছে। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ আইন, গুম কমিশনসহ ৭টি আইন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এসব অধিকতর যাচাই-বাছাই করা প্রয়োজন। যারা বলছেন, এসব অধ্যাদেশ বাতিল হয়েছে, তা সঠিক না। তাঁদের সঙ্গে আলোচনা করে এসব অধ্যাদেশকে নতুন কার্যকর আইন করা হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘গুম কমিশন অধ্যাদেশে নানা ফাঁকফোকর ছিল। এতে গুমের সংজ্ঞা বা চিহ্নিত করতেই দীর্ঘ সময় লেগে যেত। এতে আরও অনেকে গুমের শিকার হয়ে যাবে। এসব সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন করা হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশে তদন্ত ও জরিমানাসহ বিভিন্ন ধারায় দ্বন্দ্ব আছে। এসব নিয়ে আলোচনা করে কার্যকর আইন করা হবে। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে ১৩৩টি অধ্যাদেশ করেছে।’