বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার আলোচিত ‘মাজদার হোসেন বনাম রাষ্ট্র’ মামলার বাদী মাজদার হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক ব্যক্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার কাউন্সিল) দেওয়া এক লিখিত অভিযোগে ওই ব্যক্তি দাবি করেছেন, একটি মামলার জন্য মাজদার হোসেন তাঁর কাছে প্রায় সোয়া কোটি টাকা ঘুষ নিয়েছেন।
সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।
আইনমন্ত্রী বলেন, ‘মাজদার হোসেন সাহেবের রিপোর্টটা আমি পড়েছি। দুটো পত্রিকায় এসেছে। একজন মক্কেল তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারে লিখিত অভিযোগ করেছেন, তাঁর কাছ থেকে চেকে সোয়া কোটি টাকা ঘুষ নিয়েছেন। ওই রিপোর্টেই দেখলাম, যখন রিপোর্টার মাজদার হোসেন সাহেবকে প্রশ্ন করেছেন, তিনি এর জবাবও দিয়েছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আপাতত কিছু করণীয় নেই।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘এটা যদি বার কাউন্সিলে যায়, ওনার সনদ নিয়ে বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে। এটার সাথে মানি লন্ডারিং যুক্ত হয়েছে, যেটা একটা অপরাধ। এটার সাথে দুর্নীতি যুক্ত হয়েছে, আয়কর আইনে এটা একটা অপরাধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখবে।’
১৯৯৪ সালে তৎকালীন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেনের করা এক মামলার ভিত্তিতেই ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের রায়ে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। সেই মামলা মাসদার হোসেন মামলা নামেই পরিচিত।