সরকারের বিভিন্ন বিভাগে শূন্যপদ পূরণে কর্মপরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেবে সরকার। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকার দলীয় সাংসদ সরওয়ার জামাল নিজামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও জানান, কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয়ে ও বিভাগে নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের জন্য তথ্য পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত 'স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪' অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।