ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জমা দেওয়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাইয়ের কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই বাছাই কার্যক্রম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টা থেকে বাছাই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বাছাই কার্যক্রম।
মঙ্গলবার বিএনপি থেকে ৩৬ জন, ১১ দলীয় জোটের ১৩ জন ও স্বতন্ত্র মোর্চা থেকে একজনের মনোনয়নপত্র জমা পড়ে। এ ছাড়া স্বতন্ত্রভাবে আরও তিন জনের মনোনয়নপত্র জমা পড়ে নির্বাচন কমিশনে (ইসি)। ৫০টি আসনের বিপরীতে ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪৬৪ জন।
এদিকে ২৬ এপ্রিল বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।