আগামী বছর দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পিপিপি মডেলে দেশে বিশাল পর্যটন সেক্টর গড়ে তুলতে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। বর্তমানে জিডিপিতে পর্যটন খাত মাত্র ২ থেকে ৩ শতাংশ অবদান রাখতে পারে। এটিকে ৬ থেকে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।
পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিজম ও রিদম গ্রুপ দ্বিতীয়বারের মতো এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। পুলিশ প্লাজা থেকে ভোর ৬টায় শুরু হয় এ প্রতিযোগিতা। নানা বয়সের প্রায় ১ হাজার ৫০০ জন নারী, পুরুষ ও শিশু এতে অংশ নেন। দুই পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
আয়োজকেরা জানান, দেশের পর্যটন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ শীর্ষক এই বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন।