কড়াইল বস্তিতে আইনি সহায়তা সেবার উদ্বোধন আইনমন্ত্রীর

রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সকালে রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবসে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘অসহায় ও অসমর্থ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছে সরকার। যদি কেউ এই সেবা থেকে বঞ্চিত হন তাহলে সরাসরি আইন মন্ত্রণালয়কে জানাবেন। আইন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘কেউ অবিচারের শিকার হয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে হটলাইন নম্বরে কল দিয়ে সহায়তা চাইলে তা পাওয়া যাবে।’ এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কড়াইল বস্তির দুই নারীকে আইনি পরামর্শও দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জার্মান সরকারের আর্থিক সহায়তায় গরীব, অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ। যেখানে ভুক্তভোগী কেউ হটলাইন ১৬৬৯৯ নাম্বারে কল দিয়ে আইনি সহায়তা পেতে পারেন।