শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩২ জন নিহতের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রোববার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 

চিফ প্রসিকিউটর জানান, মূল সমাবেশ শাপলা চত্বরে হলেও হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের অন্য স্থানেও অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পুলিশের সাথে হেফাজত কর্মীদের সরাসরি সংঘর্ষ হয়। এতে ৩২ জন নিহতের প্রমাণ পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্তে এ পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জে পাওয়া অভিযোগগুলোর তদন্ত শেষ হয়েছে। এরপর চট্টগ্রামের তদন্ত শেষ হলে এ মাসেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। 

এর আগে প্রসিকিউশন থেকে অভিযোগ করা হয়, শাপলা চত্বরে অভিযানের নির্দেশনা এসেছিল সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানসহ মোট ২৫ জনকে আসামি করা হতে পারে। 

২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল হেফাজতের ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক উত্তেজনাকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র‍্যাব ও বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর।