কালবৈশাখী ঝড়

সোয়া ১ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল চালু

কালবৈশাখী ঝড় ও বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ১ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে। 

আজ বুধবার বিকেল ৫টা থেকে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর সোয়া ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু হয় ফেরি পারাপার ও লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিসি'র পরিচালক এস এম আশিকুজ্জামান মুঠোফোনে জানান, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই কারণ বন্ধ রাখা হয়েছে এ নৌরুটে লঞ্চ চলাচল। 

সংশ্লিষ্টরা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।