প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানো সময়ের দাবি, এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির জাতীয় কর্মশালায় একথা বলেন তিনি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন সরকারপ্রধান। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। সেখানে উচ্চ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসি'র কর্মশালা উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা গবেষণায় দেশের বিশ্ববিদ্যায়গুলো বৈশ্বিক র‍্যাংকিংয়ে অনেকটাই পিছিয়ে। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সিলেবাস পাল্টানোর প্রয়োজন তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়।'

প্রধানমন্ত্রী জানান, পেশাগত দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। এজন্য পুঁথিগত শিক্ষার চেয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী শিক্ষায় জোর দিচ্ছে বর্তমান সরকার। 

গবেষণা কার্যক্রমে সরকারি অর্থ বরাদ্দের আশ্বাস দিয়ে তারেক রহমান আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে।'  

সমাজ ও দেশের উন্নয়নের জন্য বিদেশে মেধা পাচার বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যায়গুলোর গবেষণা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।