সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। শুনানির তারিখ আগামী ৯ জুন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে চেম্বার আদালতে আপিল শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এসময় আদালত হাইকোর্টের রায় স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। রাষ্ট্রপক্ষের মূল আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এর আগে ৭ আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন।
রায়ে বিচারিক আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও নিয়োগ সঙ্ক্রান্ত বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয় এবং বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনাও দেওয়া হয়।