আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের সার্বিক কার্যক্রমে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার। শনিবার দুপুর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখবে এ কমিটি। যার প্রতিবেদন দেওয়া হবে ৬০ কর্মদিবসের মধ্যে।’
প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন। যা বিধি বহির্ভূত। তদন্ত করা হবে সে বিষয়েও।
পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।’
এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ৬৪টি জেলার উন্নয়নের ক্ষেত্রেই নজর রয়েছে। এমনকি গোপালগঞ্জের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বগুড়ায়ও অন্যান্য জেলার মতো সমানভাবেই উন্নয়ন হবে।’