বিএনপি'র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলটির তরফ থেকে বিস্তৃত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে, রাজধানীর ১৬টি স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম। শনিবার (৩০ মে) এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১১টায় জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে ফাতেহা পাঠে অংশ নেবেন তিনি।
এরপর বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ'র টিএন্ডটি খেলার মাঠের সামনে থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে ধারাবাহিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে বিএনপি'র তরফ থেকে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন তিনি।
এর আগে, শনিবার সকাল ১০টায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সকাল সাড়ে ১০টায় এ্যাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এরপর সকাল ১১টা ২০ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করবেন তিনি। এদিকে, ঠিক একই সময়ে কাওরান বাজারে এফডিসি'র সামনে থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ শুরু করবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।