লিবিয়ার ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম সহযোগিতায় ফেরত পাঠানো হয় তাদের।
আজ সোমবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
ভুক্তভোগীরা জানান, ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় বিভিন্ন মাফিয়া ও পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে তারা চরম নির্যাতনের শিকার হন। মুক্তিপণের দাবিতে অনেকের পরিবারের কাছ থেকে ২৫ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়।
কেউ কেউ জমি-জমা বিক্রি করে সর্বস্বান্ত হয়েছেন। পরে তাদের স্থান হয় তাজুরা ডিটেনশন সেন্টারে, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে মানবেতর জীবন কাটাতে হয়েছে।
দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।