কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও মিজাইল দ্বারা আক্রান্ত হয়েছে। ৩ জুন কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আহত বাংলাদেশি নাগরিকদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।

এতে বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এসংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।