সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তথ্য সংগ্রহ করছে দুদক। এ বিষয়ে তথ্য অনুসন্ধানে মঙ্গলবার রাজউকে যায় দুদকের দল। সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন রাজধানীর নিকুঞ্জ-এক এলাকার নথিপত্রও সংগ্রহ করে তারা। 

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার দীর্ঘ ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। ২০২৩ সালের ২৪ এপ্রিল অবসরে যাওয়ার পর তিনি ওঠেন রাজধানীর নিকুঞ্জ-এক এলাকার ব্যক্তিগত বাড়িতে। 

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকার রাস্তাঘাট, লেকসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং উন্নয়ন কাজ করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব প্রকল্পের কারণে রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপচয় হয়েছে।’

এছাড়া সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অবৈধ সম্পদের আরও একটি অভিযোগও অনুসন্ধান করছে দুদক। 

দুদক জানিয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।