বিলুপ্ত ফল ফিরিয়ে আনছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে। বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আগে যেসব ফল আমদানি করা হতো, সেগুলোও দেশে চাষ হচ্ছে। ড্রাগন ফল বাইরের ফল হলেও আমাদের উৎপাদিত ফলের মান ভালো। এ ফল আগামীতে বিদেশে রপ্তানি করা যাবে।

তিনি আরও বলেন, ফলের বিকল্প ব্যবহার নিয়ে কাজ চলছে। কাঁঠালের সবজি, কাবাব, সিঙ্গারা ও সমুচা তৈরি হচ্ছে। বিদেশি অনেকে কাঁঠাল নিয়ে গবেষণা করছেন। আম ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউটের এই মেলায় নানা জাতের ফল কিনতে পারবেন দর্শনার্থীরা। সবার জন্য উন্মুক্ত তিন দিনব্যাপী ফল মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।