বাংলাদেশসহ সারা বিশ্ব এখন ভুগছে বিশ্বকাপ জ্বরে। খেলার মাঠ থেকে রাজনীতি বা কূটনীতি, সবখানেই একই আলোচনা—ফুটবল। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে এল ফুটবল আলোচনা।
বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে সাংবাদিকদের নিজেই সে কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটা কারণে এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। আমরা পরের পর্বে চলে গেছি। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।’
অবশ্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই বৈঠক মূলত রুটিন সাক্ষাৎ।